আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২ অক্টোবার, ২০২৬, ০৬:৪৫ পিএম

অনলাইন সংস্করণ

ওমান উপসাগরে ট্যাংকারে ড্রোন হামলা, নিখোঁজ দুই ভারতীয় নাবিক

ওমান উপসাগরের উপকূলবর্তী এলাকায় একটি বাণিজ্যিক ট্যাংকারে ড্রোন হামলার ঘটনায় দুই ভারতীয় নাবিক নিখোঁজ হয়েছেন। নিকারাগুয়ার পতাকাবাহী ‘এমটি পেট্রো ডলফিন’ নামের জাহাজটিতে মোট ১১ জন ভারতীয় ক্রু সদস্য ছিলেন। তাঁদের মধ্যে নয়জনকে উদ্ধার করা হয়েছে এবং তাঁরা নিরাপদে রয়েছেন বলে জানিয়েছেন ভারতের জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সর্বানন্দ সোনোয়াল জানান, রোববার (১১ অক্টোবর) উত্তর ওমানের সোহর বন্দরের পানিসীমায় নোঙর করে থাকা অবস্থায় ট্যাংকারটিতে ড্রোন হামলা চালানো হয়। হামলার পর থেকে বাকি দুই ভারতীয় নাবিকের খোঁজ পাওয়া যাচ্ছে না।

স্থানীয় কোস্ট গার্ডের সহায়তায় নিখোঁজ নাবিকদের উদ্ধারে অভিযান জোরদার করা হয়েছে। ওমানের রাজধানী মাস্কাটে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, তারা পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে।

এর আগে রোববারই হরমুজ প্রণালিতে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী আরেকটি ট্যাংকার ‘এমটি ভালথেরা’ ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। ওই জাহাজেও ১১ জন ভারতীয় ক্রু সদস্য ছিলেন। হামলার পর জাহাজটিতে আগুন ধরে গেলেও সব ভারতীয় নাবিক নিরাপদে ছিলেন।

ভারতের জাহাজ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে বাণিজ্যিক জাহাজে নাবিক সরবরাহকারী দেশগুলোর মধ্যে ভারত অন্যতম শীর্ষে। ২০২৫ সালের হিসাব অনুযায়ী, দেশটিতে সক্রিয় নাবিকের সংখ্যা তিন লাখ ২০ হাজারের বেশি।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা শুরু করার পর থেকে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলার ঘটনায় বেশ কয়েকজন ভারতীয় নাবিক প্রাণ হারিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত সপ্তাহে ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি পার হওয়ার সময় পানামার পতাকাবাহী একটি জাহাজেও হামলা হয়। ওই ঘটনার নিন্দা জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, অঞ্চলে বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলা অত্যন্ত উদ্বেগের বিষয়। শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এসব হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।

মন্তব্য করুন